রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়ে ১২০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে।
বুধবার (৮ জুলাই) সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল করতে পারেনি কলম্বিয়া। দ্বিতীয়ার্ধেও দুই দলের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। ম্যাচের ৯০ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই জালের দেখা পায়নি।
অতিরিক্ত সময়েও একই চিত্র দেখা যায়। কলম্বিয়া আক্রমণের ধার বাড়ালেও সুইজারল্যান্ডের শক্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। অন্যদিকে সুইসরাও সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড। এই জয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করল ইউরোপের দলটি। সর্বশেষ ১৯৫৪ সালে তারা শেষ আটে খেলেছিল।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ চারের টিকিট নিশ্চিত করতে লিওনেল মেসির দলের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়বে সুইসরা।
আরো পড়ুন: