বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। দলের জয়ে গোল করেন ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় স্পেন ও বেলজিয়াম।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩০তম মিনিট পর্যন্ত। দানি ওলমোর প্রথম শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি ফাবিয়ান রুইজ। সহজ ফিনিশে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
৪১তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে চার্লস ডি কেটেলারে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় পর গোল হজম করে স্পেন।
দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় বেলজিয়াম। চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব নেন তরুণ সেনে ল্যামেন্স।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে স্পেনের জয়সূচক গোল। ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডি-বক্সে সৃষ্ট জটলার মধ্যে বল পেয়ে যান মিকেল মেরিনো। ঠান্ডা মাথায় নেওয়া তার নিখুঁত শট জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা স্পেন আগামী ১৪ জুলাই ডালাসে মুখোমুখি হবে ফ্রান্সের। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর আবারও ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্প্যানিশরা।
আরো পড়ুন: