স্পেনের বিপক্ষে সেমিফাইনালে খেলবেন এমবাপে ও চুয়ামেনি

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে খেলবেন এমবাপে ও চুয়ামেনি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৯:০১

সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেল ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপে ও মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি—দুজনই স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত হবে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল। ম্যাচের আগে অনুশীলনে এমবাপেকে পুরো সময় না দেখা যাওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই উদ্বেগ উড়িয়ে দিয়ে দেশম নিশ্চিত করেছেন, ফরাসি অধিনায়ক মাঠে নামতে প্রস্তুত।

দেশম বলেন, "কিলিয়ান ঠিক আছে। সে অনুশীলন করেছে। ২০ মিনিটের বদলে তাকে ১০ মিনিটের ড্রিল সেশনে রাখা হয়েছিল। তবে সে ম্যাচের জন্য প্রস্তুত।"

অন্যদিকে, চোটের কারণে শেষ দুই ম্যাচে পুরোপুরি খেলতে না পারা অঁরেলিয়ে চুয়ামেনিও সেমিফাইনালে দলে ফিরছেন। যদিও তিনি এখনও শতভাগ ফিট নন, তবুও তাকে খেলানোর বিষয়ে আশাবাদী ফরাসি কোচ।

দেশম বলেন, "গত ম্যাচে তাকে খেলানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। এখন সে আগের চেয়ে ভালো অবস্থায় আছে। পুরোপুরি ফিট না হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারবে।"

চুয়ামেনির ফেরায় ফ্রান্সের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্পেনের বল দখলভিত্তিক (পজেশন) ফুটবলের বিপক্ষে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্পেনের খেলার ধরন নিয়ে দেশম বলেন, "তারা বল নিয়ন্ত্রণে খুবই দক্ষ। আমাদেরও দ্রুত কাউন্টার অ্যাটাক, বলের দখল ধরে রাখার সক্ষমতা এবং শক্তিশালী রক্ষণভাগ রয়েছে। ম্যাচের পরিস্থিতিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে।"

চলতি আসরে এমবাপে ইতোমধ্যে ৮ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। তাই স্পেনের বিপক্ষে তার উপস্থিতি ফ্রান্সের আক্রমণভাগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

অবশ্য সাম্প্রতিক অতীত ফ্রান্সের পক্ষে নয়। ২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল লে ব্লুদের। তবে অতীতের ফল নিয়ে ভাবতে নারাজ দেশম।

তার ভাষায়, "সেই ম্যাচগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা ঠিক হবে না। এখন খেলোয়াড়, ফর্ম এবং বাস্তবতা—সবই আলাদা। আমাদের পুরো মনোযোগ সামনের ম্যাচে।"