টুর্নামেন্টজুড়ে দাপুটে ফুটবল খেলে সেমিফাইনালে ওঠা ফ্রান্সকে কোনো সুযোগই দিল না ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুর্দান্ত নৈপুণ্যে ফরাসিদের ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন।
ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্প্যানিশরা।
বিরতির পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। তবে স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেরা।
৬৪তম মিনিটে লামিন ইয়ামাল বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ৭২তম মিনিটে রাইট-ব্যাক পেদ্রো পোরোর দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। সেই গোলেই কার্যত শেষ হয়ে যায় ফ্রান্সের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা।
ম্যাচের পরিস্থিতি বদলাতে দ্বিতীয়ার্ধে মানু কোনোনে, দেজিরে দুয়ে, রায়ান চেরকি ও থিও হার্নান্দেজকে মাঠে নামান ফরাসি কোচ দিদিয়ের দেশম। কিন্তু কোনো পরিবর্তনই কাজে আসেনি। শেষ পর্যন্ত গতিময় মিডফিল্ড, সুশৃঙ্খল রক্ষণ এবং কার্যকর আক্রমণে দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
এই জয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা নিশ্চিত করল স্পেন। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের।
আরো পড়ুন: