অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে আর্জেন্টিনা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১০:৫০

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের দুই গোলে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও একাধিক ফাউলের ঘটনায় ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ৫৫তম মিনিটে মরগান রজার্সের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।

গোল হজমের পর একের পর এক পরিবর্তন এনে আক্রমণভাগে নতুন গতি যোগ করেন আর্জেন্টিনার কোচ। সেই কৌশলই শেষ পর্যন্ত সফল হয়।

ম্যাচের ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ।

শেষ মুহূর্তে সমতায় ফেরার পর জয় ছিনিয়ে নেওয়া আর্জেন্টিনার সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেসির দল।