বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে এতদিন চ্যাম্পিয়নরা পেয়েছেন ট্রফি ও পদক। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং চালু করছে ফিফা।
ফিফার তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং থাকবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি সীমিত সংস্করণ হিসেবে সমর্থকদের জন্য বাজারে আনা হবে।
ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকীভাবে একটি অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য নির্ধারিত রিংগুলো তাদের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
প্রতিটি রিংয়ে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর। প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে অথেনটিসিটির (সত্যতা) সনদ, যা এটিকে সংগ্রহযোগ্য স্মারক হিসেবে আরও মূল্যবান করে তুলবে।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নদের জন্য বিশেষ রিং চালু করতে যাচ্ছে ফিফা। উত্তর আমেরিকায় পেশাদার ক্রীড়া লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য থাকলেও, ফুটবল বিশ্বকাপে এমন উদ্যোগ এবারই প্রথম।
আরো পড়ুন: