বাংলাদেশ সিরিজে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া, দলে ফিরলেন তিন তারকা

বাংলাদেশ সিরিজে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া, দলে ফিরলেন তিন তারকা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১০:৪৭

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

দীর্ঘদিন পিঠের চোটে মাঠের বাইরে থাকা প্যাট কামিন্স আবারও নেতৃত্বে ফিরছেন। পাশাপাশি হ্যামস্ট্রিং চোট কাটিয়ে নাথান লায়ন এবং গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠে জশ হ্যাজলউড দলে ফেরায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে।

এর ফলে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘বিগ ফোর’— প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন—একসঙ্গে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে।

অভিজ্ঞ খেলোয়াড়দের প্রত্যাবর্তনে জায়গা হারিয়েছেন মাইকেল নেসার। ভালো পারফরম্যান্স করলেও মূল ১৩ সদস্যের দলে সুযোগ পাননি তিনি। তবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাকে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফেরায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়াকে আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে।