ফিফা সভাপতির পদত্যাগ চান স্প্যানিশ ফুটবল কর্মকর্তা হ্যাভিয়ের তেবাস

ফিফা সভাপতির পদত্যাগ চান স্প্যানিশ ফুটবল কর্মকর্তা হ্যাভিয়ের তেবাস
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১১:০২

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে সরব হয়েছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্য পরিকল্পনার তীব্র বিরোধিতা করে তিনি ফিফা সভাপতির পদত্যাগ দাবি করেছেন।

ইতালির ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপে আরও দল বাড়ানোর সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। তার মতে, এমন সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের সামগ্রিক কাঠামোর জন্য ক্ষতিকর হতে পারে।

৬৩ বছর বয়সী এই ফুটবল কর্মকর্তা বলেন, জাতীয় লিগগুলোই ফুটবল শিল্পের মূল ভিত্তি। মাত্র কয়েক সপ্তাহের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল ক্যালেন্ডার পরিবর্তন করা উচিত নয়।

তেবাস বলেন, “ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। জাতীয় লিগগুলোই এই খেলাকে টিকিয়ে রাখে। অথচ একটি টুর্নামেন্টের জন্য পুরো ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।”

তিনি মনে করেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর বদলে জাতীয় লিগগুলোকে আরও সুরক্ষা দেওয়া প্রয়োজন। তার অভিযোগ, ফিফা দায়িত্বশীলতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে না।

২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণ শুরু হচ্ছে। এর আগে ১৯৯৮ সাল থেকে ৩২ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে ২০৩০ সালের বিশ্বকাপে দলসংখ্যা ৬৪ করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এই পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে তেবাস বলেন, ফিফার বর্তমান নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, “আমার মতে, ইনফ্যান্তিনোর পদত্যাগ করা উচিত। আমার মনে হয় তার সময় শেষ হয়ে গেছে।”

তবে ফিফা সভাপতির অবস্থান শক্তিশালী বলেও স্বীকার করেছেন তেবাস। তার মতে, বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনের সমর্থনের কারণে ইনফ্যান্তিনোকে চ্যালেঞ্জ করার মতো কার্যকর প্রতিদ্বন্দ্বী নেই।

ফিফার নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে তেবাস বলেন, বর্তমান কাঠামোয় প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা নেই। তার দাবি, অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে ইনফ্যান্তিনোর সিদ্ধান্তের সমালোচনা করলেও প্রকাশ্যে কথা বলতে চান না।

এ ছাড়া বিশ্বকাপ পরিচালনা, হাইড্রেশন ব্রেক এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও ফিফার সমালোচনা করেন লা লিগা সভাপতি। তার অভিযোগ, ফিফার অনেক সিদ্ধান্ত ফুটবলের স্বার্থের চেয়ে অন্য বিষয়কে বেশি গুরুত্ব দেয়।

বিশ্বকাপে খেলোয়াড় নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও প্রশ্ন তুলেছেন তেবাস। তার দাবি, কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছে।

ফিফার পক্ষ থেকে এখনো তেবাসের এসব মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।