উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৩:৫১

চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তবে দ্রুত মাঠে ফেরার লক্ষ্যেই উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার পথে যাচ্ছেন এই গতি তারকা। বিসিবির সিদ্ধান্তে দেশটির একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। এরপর তার পুনর্বাসন ও মাঠে ফেরার পরিকল্পনা নির্ধারণ করা হবে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে নাহিদ রানার। সেখানে পৌঁছে নামকরা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি। তার দেওয়া পরামর্শ অনুযায়ীই পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

নাহিদ রানা পুরো সফরজুড়ে নিজের চোটের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকবেন। তবে একই ফ্লাইটে থাকা তাসকিন আহমেদ দলের সঙ্গে যোগ দেবেন।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন নাহিদ। চোট থেকে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে বিসিবি। শুরুতে দেশে থেকেই তার পুনর্বাসন প্রক্রিয়া চালানোর পরিকল্পনা থাকলেও, এই পেসারের জন্য উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয় বোর্ড।

এর আগে বিসিবি জানিয়েছিল, নাহিদ রানার সুস্থ হতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। এরপর বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। সব মিলিয়ে চোট পাওয়ার দিন থেকে মাঠে ফিরতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগার সম্ভাবনা রয়েছে।