ইতালিতে তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু

ইতালিতে তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১৯:৪৩

আপডেট: ২ নভেম্বর, ২০২৫ ২০:৩০

ইতালিতে তুষাধসে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সুইস সীমান্তবর্তী ইতালির উত্তরপূর্বাঞ্চলের তায়রল অঞ্চলে অবস্থিত ডোলমিতে নামে ওই পাহাড়ে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

ইতালির পাহাড় উদ্ধার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি রোববার জানিয়েছে, নিহতদের সবাই জার্মান নাগরিক। নিহতরা দুটি আলাদা দলে ছিলেন। এর মধ্যে এক দলের তিন জনের সবাই মারা গেছেন। অপর একটি দলের দু'জন মারা গেছেন।

ইতালির আলপাইন রেসকিউ সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, 'প্রথম গ্রুপে ছিল তিন জন। তারা সবাই তুষারের নিচে চাপা পড়েন। সেখানেই তাদের মৃত্যু হয়। দ্বিতীয় দলে ছিলেন চার জন। এর মধ্যে দুজন তুষারের নিচে চাপা পড়েন। বাকি দু'জন তুষারধসের পথ থেকে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচে যান।

ওই চার জনের মধ্যে দু'জনের মরদেহ রোববার সকালে উদ্ধার করা হয়। তারা সম্পর্কে বাবা ও মেয়ে বলে জানা গেছে। মেয়েটির বয়স ছিল মাত্র ১৭ বছর।

খারাপ আবহাওয়ার কারণে তুষার ধসের সঙ্গে সঙ্গে কোনো উদ্ধার অভিযান চালানো যায়নি।

সূত্র: এএফপি।