ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ১০ম বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন জনতা দল ইউনাইটেড বা (জেডিইউ)-এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে অনুষ্ঠিত হয়েছে বিহারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউয়ের প্রেসিডেন্ট এবং বিজেপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর অন্যতম শীর্ষ নেতা নীতিশ কুমারসহ মোট ৩০ জন মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন বিজেপির। আর মুখ্যমন্ত্রীর পদসহ বাকি ১৪টি মন্ত্রণালয় পেয়েছে জেডিইউ।
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীতা লাভের পর ভারতের এ যাবৎকালের রাজনীতির ইতিহাসে এটি একটি রেকর্ড। কারণ এর আগে ভারতের কোনো রাজ্যের কোনো রাজনীতিবিদ এতবার মুখ্যমন্ত্রীর শপথ নেননি।
যদি অদূর ভবিষ্যতে বিহারের রাজ্য সরকারের পতন না ঘটে, অর্থাৎ সাংবিধানিক ভাবে নীতিশ কুমারের নেৃতত্বাধীন সরকার যদি তার ৫ বছরের মেয়াদ পূরণ করে- তাহলে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রীর পদে থাকার রেকর্ডও নীতিশের দখলে যাবে।
পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহারের বিধান সভায় আসন সংখ্যা মোট ২৪৩টি। গত ০৬ এবং ১১ নভেম্বর- দুই দফায় হয়েছে বিধান সভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, দুই দফায় মিলিয়ে মোট ৬৭ শতাংশ ভোট পড়েছে এবারের নির্বাচনে। গত ১৪ নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন।
নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি-জনতা দল ইউনাইডেট (জেডিইউ) নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন জোট মহাগাঠবন্ধনের মধ্যে। ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিধানসভার ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছেন এনডিএ জোটের প্রার্থীরা। বিরোধী মহাগাঠবন্ধন জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৩৫টি আসনে।
এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক দল বিজেপি জয় পেয়েছে ৮৯টি আসনে। জোটের দ্বিতীয় শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ ৮৫টি আসনে জয় পয়েছে। এছাড়া বিহারের রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ১৯টি এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পার্টি জিতেছে পাঁচটি আসনে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত ছিলেন গান্ধী ময়দানের শপথগ্রহণ অনুষ্ঠানে। এছাড়া ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও উপস্থিত ছিলেন।
সূত্র: এনডিটিভি।
আরো পড়ুন: