ভয়েস অব আমেরিকা বন্ধ হচ্ছে ৪ দেশে

ভয়েস অব আমেরিকা বন্ধ হচ্ছে ৪ দেশে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৪

ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর বেশ কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছে মার্কিন প্রশাসন।

এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র তহবিলপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পরিসর সীমিত করার প্রশাসনের চলমান প্রচেষ্টার আরেক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বন্ধ হতে যাওয়া অফিসগুলোর মধ্যে রয়েছে- জাকার্তা (ইন্দোনেশিয়া), ইসলামাবাদ (পাকিস্তান), নাইরোবি (কেনিয়া) ও প্রাগ (চেক প্রজাতন্ত্র)। এছাড়া জার্মানি, থাইল্যান্ড এবং বতসোয়ানায় ভিওএ রেডিও স্টেশনগুলোও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ নভেম্বরের একটি নোটিশ কংগ্রেসে পাঠিয়েছেন ভিওএ-এর মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারি লেক। নথিতে ছয়টি বিদেশি সংবাদ ব্যুরো এবং চারটি বিদেশি মার্কেটিং অফিস বন্ধের পরিকল্পনার কথা উল্লেখ আছে।

কর্তৃপক্ষ জানায়, প্রয়োজন হলে ঠিকাদারদের মাধ্যমে সম্প্রচার চালানো হতে পারে, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো ভিওএ-এর বৈশ্বিক উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে কমানো।

তথ্যসূত্র: সামা টিভি।