ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ১১

ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:০২

ভারতের কর্ণাটকে একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে বিলাসবহুল স্লিপার বাসের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চিত্রদুর্গ জেলার হিরিয়ুরের কাছে জাতীয় সড়ক ৪৮-এ এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গোকর্ণাগামী বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং বেশির ভাগ যাত্রী বাসের ভেতরেই পুড়ে মারা যান।

ইস্ট জোনের আইজি রবি কান্থে গৌড়া বলেন, বাসটি পুরোপুরি আগুনে ঢেকে যায়। বাসের চালক ও হেলপার প্রাণে বাঁচলেও ট্রাকের চালক ও তার সহকারী নিহতদের মধ্যে রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকচালকের অবহেলাই দুর্ঘটনার কারণ। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে পুনে ও মুম্বাইগামী সড়কে চলাচলরত ট্রাকটি ডিভাইডার টপকে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা খায়।

আইজি ড. বি আর রবি কান্থে গৌড়া বলেন, 'একই সময় পাশ দিয়ে যাওয়া একটি স্কুলবাসও আগুনে পোড়া বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে সৌভাগ্যক্রমে, ওই বাসে থাকা ৪৮ শিক্ষার্থীর কেউ আহত হয়নি।'

তিনি বলেন, 'স্কুলবাসটির চালক পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। তার বক্তব্য রেকর্ড করা হচ্ছে। তদন্ত চলছে।'

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দলও উদ্ধার কাজে যোগ দেয়।

দমকল কর্মকর্তারা জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে মরদেহ উদ্ধারের কাজ চলে সকাল ৮টা পর্যন্ত।

দুর্ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া শোক প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য হিন্দু।