ইয়েমেনের হারদামাউত প্রদেশে সৌদির বিমান হামলায় সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার বিচ্ছিন্নতাবাদী এসটিসির যোদ্ধা ও অবকাঠামোর ওপর লক্ষ্য করে হামলা চালায় সৌদি।
এসটিসির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুল মালিক জানিয়েছেন, তাদের আল-খাসাহর ক্যাম্প লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।
এর আগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে।
গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এর নাম দেওয়া হবে ‘সাউথ আরাবিয়া’।
হারদামাউত প্রদেশের গভর্নর এর আগে জানিয়েছিলেন, প্রদেশটি থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা ‘শান্তিপূর্ণ’ অভিযান চালাবেন।
এসটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও কয়েক ঘণ্টা পর সৌদি বিমান হামলা চালায়। এছাড়া সৌদি ‘শান্তির ফাঁকা বুলি’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আমর আল-বিদ নামে এসটিসির এ কর্মকর্তা বলেছেন, 'সৌদি আরব শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিয়ে জেনে শুনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে চালিত করেছ। আসলে এ অভিযান শান্তিপূর্ণ রাখার কোনো ইচ্ছাই তাদের ছিল না।'
তিনি বলেন, 'এর প্রমাণ হলো তারা ঘোষণার কয়েক মিনিট পর সাত বার বিমান হামলা চালিয়েছে। যখন তারা উত্তেজনা প্রশমনের ফাঁকা বুলি ছড়াচ্ছে। তাদের কার্যক্রম অন্য কিছু নির্দেশ করছে।'
এদিকে, সৌদি এ বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: মিডেলইস্ট আই।
আরো পড়ুন: