যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬ ১০:১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন (অভিবাসন) নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার কর্মী ও শিক্ষার্থী।

বিশেষ করে মিনিয়াপলিসে এক ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামে এক আমেরিকান নাগরিকের মৃত্যুর ঘটনাটি বিক্ষোভের অন্যতম কারণ।

মিনেসোটায় গত ০৭ জানুয়ারি সকালবেলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গুডকে গাড়ির ভেতর বসা অবস্থায় গুলি করা হয় এবং পরে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় নেতারা ও অনেক বিক্ষোভকারী ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযানকে অযথা কঠোর বলে সমালোচনা করেছেন এবং মিনিয়াপলিসসহ অন্যান্য শহরে আইসিই-এর উপস্থিতি বন্ধ করার দাবি তুলেছেন। মিনেসোটা গভর্নর টিম ওলজ ও মিনিয়াপলিসের মেয়র জ্যাকোব ফ্রে আইসই-কে শহর থেকে বের করে দিতে আহ্বান করেছেন।

এই ইমিগ্রেশন অভিযান, যেটি অপারেশন মেট্রো সার্জ নামে পরিচিত, ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হয়েছে।

গুডের মৃত্যুর পর বিচার, তদন্ত ও আইসিই-এর ভূমিকা নিয়ে বিতর্ক ও সমালোচনা তীব্র ভাবে চলছে। 

কর্মকর্তারা বলছেন, গুলি আত্মরক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল।

আর বিক্ষোভকারীরা ভিডিও ফুটেজ ও সাক্ষীদের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেন পরিস্থিতিটি জটিল ও প্রশ্নবিদ্ধ।

এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন শহরে ও অনলাইনেও বিক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়েছে এবং ইমিগ্রেশন নীতি ও আইসিই-র ভূমিকা নিয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক তীব্র হচ্ছে।

সূত্র: রয়টার্স।