ভেনেজুয়েলার তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর থেকে দেশটির তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করা শুরু করে যুক্তরাষ্ট্র। গত নভেম্বর মাস থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট সাতটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী ও কোস্ট গার্ড।
সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এম/টি সোফিয়া নামের একটি সুপার ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। সেই ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দু'জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সুপার ট্যাংকার এম/টি সোফিয়া জাহাজটির প্রকৃত মালিক পানামা। তবে সেটি লিজ নিয়েছিল ভেনেজুয়েলা। সেটিই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
তবে কী কারণে সেটি ফেরত দেওয়া হচ্ছে, বাকি ট্যাংকার জাহাজগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা নিয়েছে- সে ব্যাপারে সেই মার্কিন কর্মকর্তাদের প্রশ্ন করেছিল রয়টার্স, কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। মার্কিন কোস্ট গার্ড বাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেও এ ইস্যুতে কিছু জানা যায়নি।
ভেনেজুয়েলার সরকারি ইস্যুগুলোতে একমাত্র মিডিয়া দপ্তর হিসেবে দায়িত্বপ্রাপ্ত দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। রয়টার্স ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল, কিন্তু তারাও এ প্রসঙ্গে নীরব ছিলেন।
গত ০৩ জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের পর ০৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এম/টি সোফিয়া-কে জব্দ করে মার্কিন কোস্ট গার্ড-নৌ বাহিনী। সুপার ট্যাংকার জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল।
জাহাজটির পাশাপাশি সেই তেলও ফেরত দেওয়া হবে কি না- সে ব্যাপারেও কিছু জানা যায়নি এখনও।
সূত্র: রয়টার্স।
Tag:
আরো পড়ুন: