পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১০

আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩৮

পাকিস্তানে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। রোববার ভোরে সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নয় জন যাত্রী, বাসচালক ও কন্ডাক্টর রয়েছেন বলে উদ্ধারকারী সূত্রে জানা গেছে। 

এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, দুর্ঘটনার শিকার বাসটি পাঞ্জাব থেকে করাচি যাচ্ছিল। ইধি ফাউন্ডেশন জানিয়েছে, নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্তত ১০ জন বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খাইরপুরের এসএসপিকে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন। পাশাপাশি আশপাশের এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত করা এবং আহতদের হাসপাতালে নিতে সড়কপথ সচল রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এম-৯ মোটরওয়ে-এ কাঠোরের কাছে তেলবাহী ট্যাংকার, একটি বাস ও আরও কয়েকটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।