মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ১৯:৪৪

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। 

আহতরা হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

হাইকমিশন জানিয়েছে, তারা ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করছে। মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া, আহতদের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, সেহরির রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে কোয়ার্টারের সাত বাংলাদেশি দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচ জনের মৃত্যু। গুরুতর আহত অপর দুই বাংলাদেশিকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। সেখানে থাকা মোট ৩৮ বাংলাদেশির মধ্যে বাকিরা ঘটনার সময় অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।

হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, ‘আহত দু'জনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’