তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২

তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৮:৫৭

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের ঠিক বাইরে পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে দু'জন হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

রয়টার্স ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গোলাগুলি শুরু হওয়ার পর পুলিশ কর্মকর্তারা অস্ত্র হাতে নিরাপদ অবস্থান গ্রহণ করছেন। প্রায় ১০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একজন হামলাকারী পুলিশের পার্ক করে রাখা বাসের আড়ালে থেকে স্বয়ংক্রিয় রাইফেল ও হ্যান্ডগান দিয়ে টানা কয়েক মিনিট গুলি ছুড়ছে। সংঘর্ষ শেষে পার্শ্ববর্তী রাস্তা ও ঘাসের ওপর দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ইস্তাম্বুলের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই টাওয়ারটি, যেখানে ইসরায়েলি কনস্যুলেট অবস্থিত, তার ঠিক বাইরেই এ ঘটনা ঘটে। গণমাধ্যমের দাবি অনুযায়ী, এই অভিযানে দু'জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং সশস্ত্র পুলিশ মোতায়েন রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে তুরস্কে ইসরায়েলের কোনো কূটনীতিক অবস্থান করছেন না। তবে এই হামলার পেছনে কারা জড়িত বা হামলাকারীদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্র: রয়টার্স।