টোল থেকে আয় শুরু হরমুজে, অর্থনীতিতে নতুন বার্তা

টোল থেকে আয় শুরু হরমুজে, অর্থনীতিতে নতুন বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৬:৪৫

গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে আরোপিত টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার জানিয়েছেন, টোল থেকে পাওয়া অর্থ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাসনিম নিউজকে দেওয়া বক্তব্যে উপ-স্পিকার হামিদরেজা হাজিবাবেই বলেন, “হরমুজ থেকে পাওয়া টোলের প্রথম অর্থ ইরানের সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছে।”

এদিকে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার না হলে প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করা সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ পরিস্থিতি বন্ধের ওপর। তার দাবি, নৌ-অবরোধ আন্তর্জাতিক অর্থনীতিকে জিম্মি করার শামিল।

তিনি আরও সতর্ক করে বলেন, যদি কোনো পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালির পুনরায় উন্মুক্তকরণ সম্ভব নয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।