দীর্ঘ বিরতির পর কুয়েতের আকাশসীমা পুনরায় চালু

দীর্ঘ বিরতির পর কুয়েতের আকাশসীমা পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১১:০০

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েত।

গত বৃহস্পতিবার (প্রায় দুই মাস পর) আকাশসীমা পুনরায় চালু করার ঘোষণা দেয় কুয়েত কর্তৃপক্ষ।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি-এর বরাত দিয়ে কুয়েতের সংবাদ সংস্থা কুনা এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক জানান, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন তা পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে বিমানবন্দর পূর্ণ কার্যক্রমে ফিরে যাবে।

তিনি বলেন, “এটি আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রথম ধাপ।”

প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু ঘিরে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলছে। এর মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর পরিস্থিতি আরও জটিল আকার নেয়।

পরবর্তীতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আকাশসীমা ও বিমান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে।

হামৌদ মুবারক আরও জানান, আকাশসীমা বন্ধ থাকার সময় কুয়েত বিমানবন্দরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যা ইতোমধ্যে নথিবদ্ধ করা হয়েছে।

এ সময় বিমান পরিচালনায় সহযোগিতা করায় সৌদি আরব-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।