প্রায় দুই মাস বন্ধ থাকার পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার খুলে দিয়েছে ইরান। রাজধানী তেহরানে অবস্থিত বিমানবন্দরটি শনিবার সকালে পুনরায় চালু করা হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।
তবে বিমানবন্দর খুললেও এখনো পূর্ণমাত্রার কার্যক্রম শুরু হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছে। এর মধ্যে ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনাগামী যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প ঘিরে চলমান উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান অভিযানের পর দেশটি নিজেদের আকাশসীমা ও সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করে।
পরবর্তীতে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে, যা পরে আরও বাড়ানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতির ধারাবাহিকতার মধ্যেই প্রায় দুই মাস পর আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য প্রধান বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হলো।
আরো পড়ুন: