ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে এক ভয়াবহ বিস্ফোরণে দেশটির অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আকস্মিক এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আইআরজিসির 'আনসার আল মাহদি' ইউনিট এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা সবাই ইউনিটের অত্যন্ত অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন। তবে যে বোমাটি বিস্ফোরিত হয়েছে, সেটির ধরন তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে, জানজান শহরের ওই এলাকায় বেশ কিছু ক্লাস্টার বোমা এবং এয়ার-ড্রপড মাইন রয়েছে। গত ২৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালীন মার্কিন বিমানবাহিনী ওই অঞ্চলে এসব বোমা নিক্ষেপ করেছিল, যার অনেকগুলোই অবিস্ফোরিত থেকে যায়।
টানা ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়। যুদ্ধবিরতি পরবর্তী সময়ে এটিই আইআরজিসির জন্য একক কোনো ঘটনায় সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা।
যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই ইরানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ চালিয়ে যাচ্ছে রেভল্যুশনারি গার্ড কোরের বোমা বিশেষজ্ঞ দল। আইআরজিসির দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত দেশজুড়ে ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
আরো পড়ুন: