ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ১৬ মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ১৬ মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৩:৩০

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান-এ হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্থাপনাগুলোর ওপর হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

সিএনএন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) হামলায় মধ্যপ্রাচ্যের আটটি দেশে অন্তত ১৬টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু ঘাঁটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদনে কংগ্রেসের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, কিছু সামরিক বিশেষজ্ঞ স্থাপনাগুলো পুনর্গঠন করার পক্ষে মত দিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন এগুলো পুরোপুরি অকার্যকর হয়ে পড়ায় বন্ধ করে দেওয়াই যুক্তিযুক্ত।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং বিমানঘাঁটির বিভিন্ন অংশ।

এদিকে পেন্টাগন-এর এক মূল্যায়ন অনুযায়ী, চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যয় বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিছু ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ব্যয়ও কয়েক কোটি ডলারে পৌঁছাতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

তবে বিভিন্ন সূত্রের তথ্য ও স্যাটেলাইট বিশ্লেষণের ওপর ভিত্তি করে এসব দাবি করা হলেও, স্বাধীনভাবে এসব ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও পাল্টা হামলার ফলে অঞ্চলটির সামরিক ও কৌশলগত পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।