মধ্যপ্রাচ্যের চার ঘনিষ্ঠ মিত্র- ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট ৮.৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই বিশাল অংকের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের কথা জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই তালিকার শীর্ষে রয়েছে কাতার। দোহার কাছে ৪.০১ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম’ (APKWS) বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, কুয়েতের সামরিক সক্ষমতা বাড়াতে ২.৫ বিলিয়ন ডলার মূল্যের একটি ‘ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম’ বিক্রির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে ওয়াশিংটন।
ইসরায়েলের জন্য ৯৯২.৪ মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম অনুমোদিত হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪৭.৬ মিলিয়ন ডলার মূল্যের একই ধরনের (APKWS) সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে জানানো হয়েছে, কাতার, ইসরায়েল এবং আমিরাতের জন্য এই অস্ত্র সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বিএই সিস্টেমস (BAE Systems)। এছাড়া কুয়েত ও কাতারের বড় প্রকল্পগুলোর জন্য প্রধান ঠিকাদার হিসেবে থাকছে বিখ্যাত মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান আরটিএক্স (RTX), লকহিড মার্টিন এবং নর্থরপ গ্রুম্যান।
পেন্টাগনের মতে, এই বিক্রয় প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরো পড়ুন: