ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি তাদের পরিচয় নিশ্চিত করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াকুব করিমপুর এবং নাসের বেকারজাদেহ। অভিযোগ অনুযায়ী, নাসের বেকারজাদেহ গুরুত্বপূর্ণ সরকারি, ধর্মীয় ও প্রাদেশিক কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করেন এবং নাতাঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর তথ্য সরবরাহ করেন। ওই এলাকায় একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে।
অন্যদিকে ইয়াকুব করিমপুরের বিরুদ্ধে মোসাদের এক কর্মকর্তার কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ আনা হয়।
এর আগে গত মাসেও একই ধরনের অভিযোগে দোষী সাব্যস্ত এক ইরানি নাগরিক মাহদি ফারিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তিনি ইরানের একটি সরকারি প্রতিষ্ঠানের সিভিল ডিফেন্স কমিটির ব্যবস্থাপনা বিভাগে কাজ করতেন বলে জানা যায়।
ইরানি কর্তৃপক্ষ জানায়, ফারিদ সাইবার মাধ্যমে মোসাদের সঙ্গে যোগাযোগ করে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য সরবরাহ করেন। পরে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখলে তা কার্যকর করা হয়।
আরো পড়ুন: