পশ্চিমবঙ্গ ভোটের ফল ঘোষণা সোমবার

পশ্চিমবঙ্গ ভোটের ফল ঘোষণা সোমবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১১:৩৪

আপডেট: ৩ মে, ২০২৬ ১৬:৫৪

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এবার শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।

দ্বিতীয় ও শেষ দফার ভোটে রেকর্ড ৯২.৫ শতাংশ ভোট পড়েছে। মোট ২৯৪ আসনের মধ্যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হয়, যেখানে ভোটের হার ছিল ৯২.৮৮ শতাংশ।

রোববার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

নির্বাচন চলাকালে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনঃভোটের নির্দেশ দিয়েছে। এর মধ্যে মাগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে পুনঃভোট হবে। উত্তর ২৪ পরগনায় পুনঃভোট চলাকালে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে দুই দফাতেই এত বেশি ভোটদানের হার রেকর্ড হয়েছে।

ফল ঘোষণা কবে?

পশ্চিমবঙ্গসহ আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচনের ফল সোমবার (৪ মে) সকাল প্রায় ৮টা থেকে গণনা শুরু হয়ে প্রকাশ করা হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম গণনা হবে। তবে একটি কেন্দ্রে পুনঃভোট থাকায় ফল পরে প্রকাশ করা হতে পারে।

বুথফেরত জরিপ কী বলছে?

বুথফেরত জরিপে কিছু সমীক্ষায় বিজেপিকে এগিয়ে দেখানো হলেও কিছু পূর্বাভাসে তৃণমূল কংগ্রেসকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিভিন্ন জরিপে বামফ্রন্ট ও কংগ্রেসকে তুলনামূলকভাবে পিছিয়ে রাখা হয়েছে।