ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে বৈশ্বিক কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ফসল উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যা সরাসরি খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এটি বৈশ্বিক খাদ্য ব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করছে।
তিনি জানান, সার ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় অনেক দেশ তাদের ফসল চাষের ধরন পরিবর্তন করতে বাধ্য হতে পারে। বিশেষ করে গম ও ভুট্টার পরিবর্তে সয়াবিন চাষে ঝুঁকতে পারে বড় রপ্তানিকারক দেশগুলো।
তোরিও আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষি উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে, যার প্রভাব খাদ্য মূল্যস্ফীতিতে পড়ছে। তার মতে, আগামী সময়ে বিশ্বে খাদ্যপণ্যের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, সময় যত গড়াচ্ছে, এই সংকট তত গভীর হচ্ছে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে।
আরো পড়ুন: