মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চায় ন্যাটো

মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চায় ন্যাটো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৩:০৬

আপডেট: ৩ মে, ২০২৬ ১৪:১৪

যুক্তরাষ্ট্র জার্মানি থেকে পাঁচ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বিষয়টি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ন্যাটো জোটে। এ সিদ্ধান্তকে ‘অনুমিত’ বলে মন্তব্য করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। অন্যদিকে ন্যাটো জানিয়েছে, তারা এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে ব্যাখ্যা চাইবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউরোপে বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থেও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নিরাপত্তা ইস্যুতে ইউরোপকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিস্তারিত জানতে তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, জার্মানি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতায় আরও বিনিয়োগের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

জার্মানিতে বর্তমানে ৩৬ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছে, যা ইউরোপে সর্বোচ্চ। ইতালি ও যুক্তরাজ্যেও উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর এই সিদ্ধান্ত ন্যাটোর অভ্যন্তরে উদ্বেগ বাড়িয়েছে এবং জোটের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিকে ‘দায়িত্বহীন’ বলে সমালোচনা করে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি পুনর্বিন্যাসের ইঙ্গিতও দিয়েছেন।

ন্যাটো ও ইউরোপীয় নেতারা মনে করছেন, বর্তমান পরিস্থিতি ট্রান্সআটলান্টিক নিরাপত্তা জোটের ভবিষ্যৎ কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।