ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দেশটির সংকল্প দুর্বল করার মতো কোনো শক্তি নেই। দেশব্যাপী গণসংহতি সমাবেশ ও জাতীয় ঐক্যের মাধ্যমে ইরানি জনগণ দেশের ইসলামী প্রশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
শনিবার (২ মে) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অনুষ্ঠিত বিশাল সমাবেশ, বিশেষ করে ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং ‘জানফাদা-ই-ইরান’ ক্যাম্পেইনে লাখো মানুষ অংশ নেয়। এতে শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষার অঙ্গীকার প্রকাশ পায়।
বিবৃতিতে বলা হয়, ইরান ও এর জনগণ কখনো শত্রুর সামনে মাথা নত করবে না। কোনো শক্তিই তাদের সংকল্প দুর্বল করতে পারবে না।
আইআরজিসি সমাবেশগুলোকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ বলে উল্লেখ করে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের অভিযোগের মধ্যেও গত ৪০ দিন ধরে এসব কর্মসূচি অব্যাহত রয়েছে।
সংস্থাটি দাবি করে, এই গণআন্দোলন জাতীয় ঐক্যের প্রতিফলন এবং ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান’ তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের এই অংশগ্রহণ ইরানের বর্তমান পরিস্থিতি উপলব্ধি এবং জাতীয় দায়িত্ববোধের প্রতিফলন। শত্রুর মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম প্রচারণা উপেক্ষা করে জনগণের এই উপস্থিতি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আইআরজিসি জনগণকে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেছে, সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রমের সঙ্গে মিলেই দেশের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে।
আরো পড়ুন: