ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে কঠোর নিরাপত্তার মধ্যে গণনা কার্যক্রম চলছে।
২৯৪ আসনের এই বিধানসভায় এখন পর্যন্ত ১১২টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক ফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যারা পেয়েছে ৫৬টি আসন। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) পেয়েছে ৫৩টি আসন। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ২টি এবং অন্যান্যরা পেয়েছে ১টি আসন। বাম দলগুলোর প্রধান শক্তি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) এখনো কোনো আসনে জয় পায়নি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৩টি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে, যা গত নির্বাচনের তুলনায় ৩১টি কম।
প্রথমে পোস্টাল ব্যালট, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অনুমোদিত কাউন্টিং এজেন্টদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নজর রয়েছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এই আসনের ফলাফল রাজ্যের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুপুরের মধ্যেই নির্বাচনের সার্বিক চিত্র পরিষ্কার হতে পারে, যদিও সব কেন্দ্রের পূর্ণ ফলাফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আরো পড়ুন: