মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন উদ্যোগ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামের এই প্রকল্পের মাধ্যমে অবরোধে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া শতাধিক জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে মার্কিন নৌবাহিনী।
আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল ও জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের জেরে প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি হয়েছে।
ট্রাম্প তার পোস্টে বলেন, অনেক দেশ—যারা সরাসরি এই সংঘাতে জড়িত নয়—তাদের জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এর প্রেক্ষিতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ চালু করা হচ্ছে, যেখানে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি অতিক্রমে সহায়তা করবে।
তিনি এ উদ্যোগকে “মানবিক সহায়তা প্রচেষ্টা” হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন আটকে থাকায় অনেক জাহাজে খাদ্য ও জরুরি সরবরাহ সংকট দেখা দিয়েছে। প্রকল্পটি চালু হলে এসব জাহাজ ও তাদের ক্রুরা উপকৃত হবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় সোমবার রাত) থেকে এই প্রকল্প কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তবে ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
আরো পড়ুন: