হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’: ট্রাম্পকে কড়া সতর্কবার্তা ইরানের

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’: ট্রাম্পকে কড়া সতর্কবার্তা ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১১:০৭

আপডেট: ৪ মে, ২০২৬ ১২:৩৬

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে যুক্তরাষ্ট্রের ঘোষিত উদ্যোগ নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পারাপারে সহায়তা দিতে এই প্রকল্প ঘোষণা করেন। তবে ইরান এটিকে সরাসরি ‘হস্তক্ষেপ’ হিসেবে দেখছে।

ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও জ্বালানি পণ্য এই পথ দিয়ে পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের অবরোধে প্রণালিতে শতাধিক জাহাজ আটকা পড়েছে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, বিভিন্ন দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিচ্ছে। মার্কিন নৌবাহিনী জাহাজগুলোকে প্রহরা দিয়ে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় রাত) থেকে ‘প্রোজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হবে। এই উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবেও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে, যা হরমুজ ঘিরে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।