হরমুজে মার্কিন বাহিনী ঢুকলেই হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজে মার্কিন বাহিনী ঢুকলেই হামলার হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৩:৪৯

হরমুজ প্রণালী-তে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য অভিযান ঘিরে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক উপস্থিতির বিরুদ্ধে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সোমবার (৪ মে) ইরানের একীভূত সামরিক কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি রয়টার্সের বরাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদেশি কোনো বাহিনী সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, “যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তাদের ওপর হামলা চালানো হবে।”

ইরানি সামরিক নেতৃত্ব আরও জানায়, প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে ইরানের বাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক। পূর্ব সমন্বয় ছাড়া ওই জলপথে চলাচল ঝুঁকিপূর্ণ হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক-মানবিক অভিযানের ঘোষণা দেন। ওই পরিকল্পনায় হরমুজে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনী নিরাপদে পারাপারে সহায়তা করবে বলে জানানো হয়।

ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের এই কঠোর প্রতিক্রিয়া আসে, যা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে টানাপোড়েন বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও বাড়ছে।