ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে আতঙ্ক, পাল্টা হুঁশিয়ারি

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে আতঙ্ক, পাল্টা হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১০:১৯

সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আমিরাত। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমিরাত তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের দ্বিধা করবে না। আন্তর্জাতিক আইন মেনেই এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার ও সক্ষমতা তাদের রয়েছে।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার আমিরাতের ফুজাইরা এমিরেতে অবস্থিত ফুজাইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা চালায় ইরান। এই শিল্পাঞ্চলটি দেশটির অন্যতম প্রধান জ্বালানি অবকাঠামো, যেখানে তেল শোধনাগার ও একাধিক ডিপো রয়েছে।

ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ জানায়, হামলার ফলে অয়েল ইন্ডাস্ট্রি জোনে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। এতে তিনজন আহত হয়েছেন, যারা সবাই ভারতীয় নাগরিক। আহতদের অবস্থা মাঝারি এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানের কর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি আকাশেই ধ্বংস করা হয়। একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি, যা সাগরে গিয়ে পড়ে।

ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।