চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১১:০২

চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। ঘটনাটি দেশটির মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।

স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল ৪টা ৪৩ মিনিটে লিউইয়াং শহরের লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর প্রায় ৫০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে রোবটও ব্যবহার করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

বিস্ফোরণের পর কারখানার দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে তদন্তকারী পুলিশ।

এছাড়া দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আশপাশের ৩ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় বিস্ফোরণ এড়াতে সতর্কতা জারি করা হয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একটি আবাসিক ভবনের জানালাও ভেঙে গেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এবং ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।