সংঘাত নয়, আলোচনাই সমাধান: আব্বাস আরাঘচি

সংঘাত নয়, আলোচনাই সমাধান: আব্বাস আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১২:৪৩

রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা না বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছেন।

সোমবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আরাঘচি বলেন, হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও বলেন, আলোচনা যখন অগ্রসর হচ্ছে, তখন উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকা উচিত।

তিনি পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে যুক্তরাষ্ট্রকে ‘অশুভ শক্তির প্রভাবে নতুন সংঘাতে না জড়ানোর’ আহ্বান জানান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকেও সতর্ক থাকার পরামর্শ দেন।

আরাঘচি যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেন, এটি বাস্তবে সংঘাত আরও বাড়াবে।

এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের ছয়টি ছোট নৌযানে হামলা চালিয়েছে। তবে ইরান বলেছে, এ ঘটনায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আগুন ধরে গেছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।