কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯

কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৯:৫১

কলম্বিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে নয় জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। 

খনি কর্তৃপক্ষ জানায়, গ্যাস জমে যাওয়ার কারণে সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

কলম্বিয়ায় প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রেই প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে অবৈধ বা অস্থায়ী খনিতে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবারের দুর্ঘটনাটি রাজধানী বোগোতা থেকে ৭২ কিলোমিটার উত্তরে সুতাতাউসা পৌর এলাকায় বৈধ ভাবে পরিচালিত একটি খনিতে ঘটে।

ন্যাশনাল মাইনিং এজেন্সি এক বিবৃতিতে জানায়, কুন্দিনামার্কার সুতাতাউসার একটি খনিতে জরুরি অবস্থার পর ছয় জন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুন্দিনামার্কার গভর্নর জর্জ এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, বিস্ফোরণটি সম্ভবত গ্যাস জমে থাকার কারণে হয়েছে।

এর আগে তিনি বলেন, ১২ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলেন এবং তিন জন খনিটি থেকে বের হতে সক্ষম হন।উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছিলেন। 

খনির প্রবেশপথে অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করেন তিনি।

উদ্ধার অভিযান শুরুর আগে খনির ভেতরের গ্যাসের মাত্রা পরীক্ষা করা হচ্ছিল।

কলম্বিয়ায় খনি দুর্ঘটনা সাধারণত বায়ু চলাচলের ঘাটতির কারণে ঘটে থাকে।

কলম্বিয়ার যে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে, সেখানে নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করা অনেক অবৈধ খনিও চালু রয়েছে।