ইরান উত্তেজনার মাঝেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

ইরান উত্তেজনার মাঝেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১১:১৩

আপডেট: ৬ মে, ২০২৬ ১১:১৪

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র যে ‘প্রোজেক্ট ফ্রিডম’ উদ্যোগ নিয়েছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘স্বল্প সময়ের জন্য’ প্রকল্পটি স্থগিত রাখা হচ্ছে। তিনি বলেন, অবরোধ পুরোপুরি বহাল থাকলেও সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরযোগ্য কি না—তা যাচাই করতেই এই বিরতি।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকল্প স্থগিত থাকলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকবে বলে তিনি স্পষ্ট করেন।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো এটিকে ‘ইরানের বিজয়’ হিসেবে উল্লেখ করে বলেছে, ধারাবাহিক ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র হরমুজ ইস্যুতে পিছু হটছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধ আরোপ করে ইরান। ফলে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে।

এই পরিস্থিতিতে জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে গত ৪ মে ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করেছিলেন ট্রাম্প। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই উদ্যোগ স্থগিত করা হলো।