নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সহিংসতা, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সহিংসতা, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১১:২৯

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী সহিংসতা, ভাঙচুর ও রাজনৈতিক উত্তেজনার ঘটনা অব্যাহত রয়েছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের পর থেকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করছে।

অভিযোগ অনুযায়ী, কিছু এলাকায় দলীয় কার্যালয়ে ঢুকে নথিপত্রে আগুন দেওয়া, ভাঙচুর এবং দখলের ঘটনাও ঘটেছে। উত্তর ২৪ পরগনা ও শিলিগুড়িসহ একাধিক এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তৃণমূল।

শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে সাবেক মন্ত্রী গৌতম দেবের এলাকার দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পাশাপাশি পানিহাটি ও কলকাতার কসবা এলাকায়ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

কলকাতায় তৃণমূল নেতাদের ঘিরে স্লোগান দেওয়া এবং বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এদিকে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। প্রশাসন জানিয়েছে, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রাজনৈতিক প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেন, সহিংসতা ও হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি অতীতের রাজনৈতিক উদাহরণ টেনে বলেন, কোনো ধরনের প্রতিশোধমূলক রাজনীতি সমর্থনযোগ্য নয়।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহিংসতার অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ দলীয় পরিচয় ব্যবহার করে আইনবিরোধী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনকে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।