ভারতের পাঞ্জাব রাজ্যের জালন্ধরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর সদর দপ্তরের বাইরে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ৮টার দিকে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের বাইরে পার্ক করা একটি স্কুটারে বিস্ফোরণ ঘটে। এতে স্কুটারটিতে আগুন ধরে যায় এবং এক ব্যক্তি আহত হন।
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম গুরপ্রীত সিং। তিনি একটি কুরিয়ার প্রতিষ্ঠানে কর্মরত এবং নিয়মিত ডেলিভারি কাজের অংশ হিসেবে বিএসএফ এলাকায় যাতায়াত করতেন। বিস্ফোরণের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
গুরপ্রীতের পরিবারের দাবি, তিনি শুধু পার্সেল ডেলিভারি করেন এবং কোনো সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত নন। তার বাবা কাশ্মীর সিং জানান, স্কুটার থেকে নামার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিএসএফ সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
জালন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর জানিয়েছেন, এটি কোনো ধরনের বিস্ফোরণ ছিল কিনা, নাকি যান্ত্রিক ত্রুটি—তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে, ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।
আরো পড়ুন: