তিন দিনের সফরে মঙ্গলবার (৫ মে) চীনের বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সফরের মূল অংশ হিসেবে বুধবার (৬ মে) বেইজিংয়ের দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে ড. খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া সফরকালে ড. খলিলুর রহমান চীনের শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, এই সমস্যা উত্তরাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত এবং দীর্ঘদিন ধরে এর সমাধান জরুরি হয়ে আছে।
তিনি আরও জানান, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো গুরুত্ব পাবে।
আরো পড়ুন: