যুক্তরাজ্যের ঘোষিত নতুন নিষেধাজ্ঞা প্যাকেজকে ‘বৈরী ও অবৈধ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যে অবস্থিত রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে এই মন্তব্য করে।
দূতাবাসের মুখপাত্র জানান, লন্ডনের এই পদক্ষেপ পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর মতোই রাশিয়ার সামরিক কার্যক্রম বা সামগ্রিক পরিস্থিতিতে কোনো বাস্তব প্রভাব ফেলবে না। বরং এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়া অভিযোগ করেছে যে যুক্তরাজ্য ধারাবাহিকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে, যা বাস্তবে সংকট সমাধানের বদলে উত্তেজনা বাড়াচ্ছে।
রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাজ্য কিয়েভকে বিপুল অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে। এর ফলে ইউক্রেনের সাধারণ জনগণ বিশেষ করে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দূতাবাসের বিবৃতিতে আরও দাবি করা হয়, পশ্চিমা দেশগুলোর এই ধরনের নীতি কূটনৈতিক সমাধানের পথকে বাধাগ্রস্ত করছে এবং সংকট আরও জটিল করে তুলছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।
আরো পড়ুন: