বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেবে বিজেপি

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেবে বিজেপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৩:৩৪

পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার—এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতার বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে দ্রুত অবকাঠামোগত পদক্ষেপ নিতে এই উদ্যোগ নেওয়া হতে পারে।

এর আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর কার্যপরিধি বাড়ানোর কেন্দ্রীয় প্রস্তাব নিয়েও রাজ্য সরকারের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল। রাজ্য সরকার একে কেন্দ্রের হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে আপত্তি জানায়।

এছাড়া সিএএ ও এনআরসি বাস্তবায়ন ইস্যু, সীমান্ত নিরাপত্তা এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

বিজেপি নেতাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে পদক্ষেপ নেবে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে, যা দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা আলোচনায় প্রভাব ফেলবে।