তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও আজই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনো নিশ্চিত নন রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।
বৃহস্পতিবার (৭ মে) বিজয়ের শপথ গ্রহণের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কংগ্রেস সমর্থনের আশ্বাস দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
এদিকে বিধানসভা ভেঙে দিয়ে গভর্নর কেরালার উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বুধবার বিজয় গভর্নরের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের দাবি জানান। পরে টিভিকের সাধারণ সম্পাদক আধভ অর্জুনও আইনি দল নিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসনের সমর্থন। কংগ্রেসের পাঁচটি আসনের সমর্থন যুক্ত হলেও সংখ্যাটি দাঁড়িয়েছে ১১২-তে। ফলে এখনো অন্তত ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন বিজয় শিবিরের।
সংবিধান অনুযায়ী, পরবর্তী ধাপে বিজয়কে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তবে কংগ্রেস ছাড়া আর কোন দল বা নির্দলীয় সদস্য টিভিকেকে সমর্থন দেবে, তা এখনো স্পষ্ট নয়।
দুই আসনে জয় পাওয়া বিদুথালাই চিরুথাইগল কাচি (ভিসিকে) দলের নেতাদের বুধবার বৈঠকের কথা থাকলেও তা শুক্রবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইভাবে বাম দল সিপিআই ও সিপিআই(এম)ও নিজেদের অবস্থান নির্ধারণে আরও সময় চেয়েছে।
নির্বাচনের ফল অনুযায়ী, ডিএমকে পেয়েছে ৫৯টি আসন, এআইএডিএমকে ৪৭টি, পিএমকে ৪টি, আইইউএমএল ২টি, সিপিআই ২টি এবং সিপিআই(এম) ২টি আসন। এছাড়া বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে একটি করে আসন পেয়েছে।
আরো পড়ুন: