পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ দত্ত। বুধবার (৬ মে) রাতে ঘটে যাওয়া এ হামলার ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম India Today-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় দুর্বৃত্তরা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন চন্দ্রনাথ দত্ত। ঘটনার সময় তিনি নিজ গাড়িতে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার বুক ও মাথায় গুলি লাগে।
স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে শুভেন্দু অধিকারীও হাসপাতালে পৌঁছাতে পারেন বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারীরা আগে থেকেই দত্তের গাড়ি অনুসরণ করছিল। গাড়ির গতি কমে আসার সঙ্গে সঙ্গেই তারা কাছ থেকে গুলি চালায়।
ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই আসনেই জয় পান। একই সঙ্গে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের কাছাকাছি পৌঁছেছে বিজেপি।
আরো পড়ুন: