ওয়াশিংটন ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে

ওয়াশিংটন ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১১:০৩

ওয়াশিংটন ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, যার ফল শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতিকর হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

এক অডিও বার্তায় গালিবাফ বলেন, “শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ প্রয়োগে খুবই আশাবাদী। তারা আবারও ভুল তথ্য পেয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই ভুল সিদ্ধান্তের খেসারত সবাইকে দিতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, এটি কোনো সরাসরি সামরিক যুদ্ধ নয়, বরং ইরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার একটি পরিকল্পিত কৌশল। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভেদ সৃষ্টি করে এমন যেকোনো পদক্ষেপ শত্রুপক্ষের লক্ষ্য পূরণে সহায়তা করবে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইরানের অর্থনীতি প্রায় ৬.১ শতাংশ সংকুচিত হতে পারে। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। খাদ্যপণ্যের মধ্যে রুটি, শস্য, তেল ও চর্বিজাতীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং অনিশ্চিত যুদ্ধবিরতি পরিস্থিতি ইরানের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। গত ১৩ এপ্রিল নৌ অবরোধ আরোপের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, ফলে তেল রপ্তানি ও আমদানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে।

গালিবাফের অভিযোগ, এই চাপ শুধু অর্থনৈতিক নয়, বরং ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার একটি বৃহত্তর কৌশলের অংশ।