কূটনৈতিক পথে যুদ্ধ বন্ধে আগ্রহী ইরান

কূটনৈতিক পথে যুদ্ধ বন্ধে আগ্রহী ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১১:৩৮

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক পথে এগোতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানি জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ অবস্থান জানান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ এজেন্সি।

ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দ্বিপক্ষীয় আলোচনা চলার মধ্যেই ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র দুই দফা হামলা চালিয়েছে। এটিকে তিনি “পেছন থেকে ছুরি মারা” হিসেবে অভিহিত করেন।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Axios-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে এক পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে।

প্রস্তাবিত খসড়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার কথা রয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়া সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমে আসতে পারে এবং নতুন কূটনৈতিক সমঝোতার পথ খুলতে পারে।