পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের কিছু লোকই দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৭ মে) বারাসাত জেলা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ্য, বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চন্দ্রনাথ রথের ওপর হামলা হয়। অভিযোগ অনুযায়ী, বাইকে আসা দুর্বৃত্তরা তার গাড়ির গতিপথ রোধ করে একাধিক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির চালকসহ আরও একজন আহত হয়েছেন।
হাসপাতালে ময়নাতদন্ত চলাকালীন উপস্থিত থেকে শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের ভেতরের কিছু ব্যক্তি বিজেপির পতাকা হাতে নিয়ে দলে বিভ্রান্তি তৈরি করছে। তার অভিযোগ, যারা পর্যাপ্ত সুবিধা না পেয়ে ক্ষুব্ধ, তারাই দলকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে।
তিনি আরও দাবি করেন, রাজ্যে আসন্ন কেন্দ্রীয় নেতাদের সফরের আগে এ ধরনের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে কি না, তা খতিয়ে দেখা দরকার।
এ বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে বলেও জানান এবং আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেন।
আরো পড়ুন: