মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ২২:৫৭

সব শঙ্কা কাটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। শনিবার তার নেতৃত্বে সেখানে নতুন সরকার শপথ নেবে।

একাধিক দলের সঙ্গে জোট গঠনের পর বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০ এ। এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি।

সংবাদ মাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার শপথ অনুষ্ঠিত হবে।

থালাপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট গঠন করেছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে। এই পাঁচটি দল সবমিলিয়ে জিতেছে ১২০টি আসন।

তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪টি। এর মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮ আসনে জয় পেয়েছে থালাপতি বিজয়ের দল। সংখ্যাগরিষ্ঠতা পেতে তার আরও ১০টি আসনের প্রয়োজন ছিল।

থালাপতি চেন্নাইয়ে গিয়ে সেখানকার রাজ্যপালের সঙ্গে গত বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন দেখা করেন। এ সময় তিনি দাবি করেন, তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে রাজ্যপাল তাকে ১১৮ জনের সমর্থনের প্রমাণ দিতে বলেন। কিন্তু ওই সময় ১১৮ বিধায়কের সমর্থন তিনি দেখাতে পারেননি। এ জন্য তাকে সরকারও গঠন করতে দেওয়া হয়নি।

থালাপতি বিজয়কে সমর্থন জানানো অন্যতম দল সিপিআইয়ের রাজ্য সেক্রেটারি ভীরাপান্দিয়ান সরকার গঠনের ব্যাপারে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শনিবার বেলা ১১টায় শপথ অনুষ্ঠান হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেন, 'টিভিকে হলো একক সর্বোচ্চ আসন পাওয়া দল। সরকার গঠনে তাদের ছয়  জন বিধায়কের সমর্থন প্রয়োজন। আমরা সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে থেকে ছয় জন বিধায়ককে দিয়েছি। এটি আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। এটি সাধারণ মানুষের গণতন্ত্র। এর পাশে আমাদের দাঁড়াতে হবে।'